শহরের যানজট যাতে না হয় সেই কারনে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে রাস্তার ওপরে পার্কিং নয়। আর এই অভিযান শুরু হতেই সাধারণের বিক্ষোভের মুখে পুলিশ। প্রতিবাদ জানিয়ে রায়গঞ্জ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে পথ অবরোধ জন সাধারণের। প্রায় ঘন্টাখানেক জেলা হাসপাতাল রোড অবরোধ করে বিক্ষোভ সাধারণের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন ডিএসপি সদর।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা নামতেই রোজ রাস্তা জুড়ে মোটর বাইক দাঁড় করিয়ে ওই এলাকায় আড্ডায় মজে স্থানীয়রা। এমন পরিবেশ শুধুমাত্র এই এলাকায় নয়। শহরের বিভিন্ন এলাকা থেকেই এই ধরণের অভিযোগ বেশ কিছুদিন থেকেই পুলিশের কাছে জমা পড়ছিল। এরপরই বৃহস্পতিবার থেকে রাস্তা জুড়ে বাইক দাঁড় করিয়ে আড্ডা বন্ধ করতে অভিযানে নামে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ। ওয়ার্নিং দিয়ে সেদিনের মতন ছেড়েও দেওয়া হয় প্রত্যেককে। এরপর শুক্রবারও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপোর সামনে একই পরিবেশ পুলিশের নজরে এলে বাইকের নম্বর নিয়ে নেন পুলিশ আধিকারিকরা। তাঁদের দাবী, প্রথমদিন সবাইকে সাবধান করা হয়েছে কিন্তু তাতে কোনও সাড়া না মেলায় এদিন মোটরবাইকের নম্বর নিয়ে নেওয়া হয়েছে। এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থাও গ্রহণ করা হবে। এদিন এই অভিযান শুরু হতেই বিক্ষোভ প্রদর্শণ শুরু করে স্থানীয়রা। রীতিমতন পথ অবরোধ করে রাখা হয় শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল রোড।
বিক্ষোভকারীদের দাবী, ওই এলাকায় হোটেল সহ প্রচুর দোকানপাট রয়েছে। গাড়ি পার্কিং করার মতন প্রয়োজনীয় জায়গাও নেই। পুলিশ অন্যায় ভাবে তাঁদের গাড়ির নম্বর নথিভুক্ত করেছে। ডিএসপি সদর প্রসাদ প্রধানের হস্তক্ষেপে পরে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/h2o0HDfdOxI